নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজনের দাবি জানিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, \"জুলাই বিপ্লবে ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে শতশত ছাত্র-তরুণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জীবন দিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছি।\" তিনি আরও বলেন, \"এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায়।\"
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক পার্টি, যা দলের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।
এদিন বিকেল ৩টার দিকে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে, যেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।





