আজ ২ মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস। ৫৫ বছর আগে, ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায় প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই ঐতিহাসিক দিনে পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব।
১৯৭১ সালের উত্তাল মার্চের এই দিনে সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই দিন দুপুর ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড্ডীন করা হয়।
তৎকালীন পাকিস্তানি শাসনের শোষণ, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ডাকসুর নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষও ঐক্যবদ্ধ হয়। মূলত এই পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং স্বাধীনতার পথে যাত্রা শুরু করে।
বিদেশের মাটিতে প্রথমবার বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল, ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে। তখন ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সকাল ১০টায় দিবসটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।





