জাতীয় পার্টির মহাসচিব পদে নতুন করে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এই নিয়োগ দেন।
দলীয় চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় পার্টির দপ্তর থেকে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলাভিষিক্ত করা হয়েছে শামীম হায়দার পাটোয়ারীকে।
দলের গঠনতন্ত্রের ২০(ক) ধারায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কাউকে বহিষ্কার কিংবা পদচ্যুত করার ক্ষমতা দেওয়া হয়েছে। একই ধারা অনুসারে এর আগেও মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে সেখানে মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দেন জিএম কাদের।
সাম্প্রতিক সময়ে গঠনতন্ত্রের এই ২০(ক) ধারা ঘিরে দলটির ভেতরে ফের ভাঙনের সুর শোনা যাচ্ছে। দলীয় শীর্ষনেতাদের একটি বড় অংশ এই ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দল থেকে পূর্বে বহিষ্কৃত নেতারাও। এমনকি সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুও এই বিদ্রোহী অংশের সঙ্গে যুক্ত ছিলেন।
জানা গেছে, এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই মহাসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান জিএম কাদের।
প্রসঙ্গত, জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তার মৃত্যুর পর থেকেই দলটিতে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ কোন্দল এবং নেতৃত্বের দ্বন্দ্ব চলমান রয়েছে।





