প্রায় দুই সপ্তাহের বিরতির পর জাতীয় সংসদের মুলতবি অধিবেশন রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় আবার শুরু হয়েছে। আজকের কার্যসূচিতে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা রয়েছে, যেখানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নিচ্ছেন।


এই অধিবেশন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ এবং ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিরোধী দল জামায়াতসহ তাদের জোট ইতোমধ্যে এ বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে এবং একাধিক নোটিশ জমা দিয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।


দিনের কর্মসূচিতে আরও রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রশ্নোত্তর পর্ব, যার মধ্যে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির কার্যালয় অন্তর্ভুক্ত। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশগুলোর নিষ্পত্তিও করা হবে।


এ অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। ওই দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়।


কমিটিতে বিএনপির ১১ জন এবং জামায়াতের ৩ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশে ইতোমধ্যে সরকারি ও বিরোধী দল একমত হয়েছে। বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে কমিটির তৃতীয় বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পাস না হলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। তাই আগামী ১২ এপ্রিলের মধ্যেই সেগুলো অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।