বাংলাদেশের এডটেক খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করলো আইসিটি বাংলা ডটকম। রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ বিজনেস ক্যাটাগরিতে ‘দ্রুততম বিকাশমান এডটেক প্ল্যাটফর্ম’ হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) ওয়ান ওয়ে স্কুল-এর আয়োজনে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্রুত প্রবৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আইসিটি বাংলা ডটকম-কে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আইসিটি বাংলা ডটকম মূলত স্কিল-বেইজড, সময়োপযোগী ও ক্যারিয়ার-ফোকাসড শিক্ষা সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্ল্যাটফর্মটি ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), এক্সেল, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আইটি ও ক্রিয়েটিভ স্কিলভিত্তিক কোর্স পরিচালনা করছে।
অনলাইনে লাইভ ও রেকর্ডেড কোর্স মিলিয়ে আইসিটি বাংলা ডটকম-এর মোট ১২টি কোর্সে ইতোমধ্যে ১০ হাজারের বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে। শিক্ষার্থী, কর্মজীবী, উদ্যোক্তা ও গৃহিণীসহ কানাডা, আমেরিকা, সিঙ্গাপুরসহ বিশ্বের প্রায় ৬০টি দেশের এক হাজারের বেশি প্রবাসী এই প্ল্যাটফর্ম থেকে দক্ষতা উন্নয়ন করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ICT Bangla Dotcom থেকে প্রশিক্ষণ নিয়ে শত শত তরুণ-তরুণীর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে যাত্রা শুরু করা এই এডটেক প্রতিষ্ঠানটি এরই মধ্যে নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় পরিচালিত অরেঞ্জ কর্নারস বাংলাদেশ স্টার্টআপ প্রোগ্রাম, আইসিটি মন্ত্রণালয়ের অধীন আইডিইএ প্রজেক্ট থেকে অফিস স্পেস অনুদান এবং অ্যাক্সেলারেটিং বাংলাদেশ প্রোগ্রাম থেকে স্টার্টআপ গ্র্যাজুয়েশন অর্জন করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই জাতীয় স্বীকৃতি ICT Bangla Dotcom-এর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা ভবিষ্যতে দেশের এডটেক ও স্কিল ডেভেলপমেন্ট খাতে আরও বড় পরিসরে অবদান রাখার পথ সুগম করবে।





