নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং উভয় নেতার মাজার জিয়ারত করবেন।


মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, এবং ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া নিয়মিত চলছে। পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।


এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। বুধবার তিনি সচিবালয়ে প্রথম অফিস করবেন, সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করার জন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।


কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকে মন্ত্রিপরিষদে তুমুল ব্যস্ততা চলছে। নতুন ভবনের ছয়টি লিফটই নিরবচ্ছিন্নভাবে চলছিল। কর্মকর্তারা ফাইল হাতে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে চলাফেরা করছেন। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, যার সার্বিক তত্ত্বাবধান করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।


গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।