জাবি প্রতিনিধি : নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ তিন দাবীতে কাফনের কাপড় পড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে সমাপ্ত হয়।
এসময় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের \"দুনিয়ার মজদুর এক হও লড়াই করো\", \"পে-স্কেলের টালবাহানা, চলবে না চলবে না\" ও \" আমাদের সংগ্রাম চলছে চলবে\" স্লোগান দিতে দেখা যায়।
প্রশাসনিক ভবনের সামনে অংশগ্রনকারীরা নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে ও পহেলা জানুয়ারি থেকে বাস্তবায়ন এবং অন্তবর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে-স্কেল সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবী জানায়।
এসময় পে-স্কেল সংক্রান্ত জ্বালানি উপদেষ্টার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মোঃ আব্দুর রহিম বলেন, \"গত দুই দিন আগে জ্বালানি উপদেষ্টার দেওয়া বক্তব্যে আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এই বক্তব্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি ৩১ জানুয়ারির মধ্যে পে-স্কেল প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, তাহলে ১ ফেব্রুয়ারি থেকে কর্মচারী ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে আরিচা সড়ক বন্ধসহ সকল কর্মসূচিতে কর্মচারী সমিতি সক্রিয়ভাবে অংশ নেবে।\"
\"এটি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর দাবি নয়, এটি বাংলাদেশের প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য দাবি। এই দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা যে কর্মসূচিই ঘোষণা করি না কেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তাতে সম্পৃক্ত থাকবেন\" বলে তিনি আশা ব্যক্ত করেন।





