জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন নারী শিক্ষার্থীকে গত ১২ মে মঙ্গলবার রাতে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশ চেষ্টার ঘটনায় দায়ভার এবং সংশ্লিষ্ট দপ্তর/ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত দায়ভার নিরূপণপূর্বক সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৬ মে) রাতে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশ চেষ্টার ঘটনায় তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভায় এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উচ্চ শিক্ষা ও বৃত্তির ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।
কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।








