জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. এহসানুল হক (জিসান) বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আটক হয়েছেন। পরে ঢাকা জেলা ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন।


সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।


আটক মো. এহসানুল হক (জিসান)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩–২৪ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তৃতীয় শিফটে স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৪০২ নম্বর কক্ষে তিনি অন্য এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসেন। ওই পরীক্ষার প্রকৃত পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ।

এহসানুল হককে জিজ্ঞাসাবাদের পর প্রক্টরিয়াল বডি স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামন থেকে প্রকৃত পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকেও আটক করে।


জিজ্ঞাসাবাদের সময়  এহসানুল হক জিসান স্বীকার করেন যে, তিনি রাফিদ হোসেন সাজিদের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, প্রক্সি দিতে এসে ওই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যে ভর্তিচ্ছু শিক্ষার্থীর হয়ে তিনি পরীক্ষা দিতে এসেছিলেন, তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের আরও একটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন—সেই পরীক্ষাও বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ভর্তিচ্ছুর রেজিস্ট্রেশন ব্লক করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারেন।