জাবি প্রতিনিধি 
সিয়াম শাহরিয়ার সামি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কে সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। 

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ  দাবি করা হয়। 

বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান  বলেন, \"আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রাণনাশের হুমকি, ধারাবাহিক হয়রানি এবং মতপ্রকাশকে কেন্দ্র করে সংগঠিত চাপের মুখে পড়েছেন। মূলত চলতি বছরের ২৯ জানুয়ারি তাঁর বাসভবনে প্রেরিত বেনামী হুমকিমূলক চিঠি এই পরিস্থিতিকে চরম উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে।

শীর্ষ দুই নেতা আরও বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের মতপ্রকাশের কারণে যদি তাঁর ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তবে তা কেবল একজন ব্যক্তির সমস্যা নয়; এটি বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তা, একাডেমিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। যা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। এমন পরিস্থিতিতে আমরা শিক্ষক সমাজ বা ইউট্যাবের পক্ষে দাবি জানাই যে, অবিলম্বে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে সংঘটিত হুমকি ও হয়রানির ঘটনাসমূহের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।\"

সিয়াম শাহরিয়ার সামি