নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার সংযোগ সড়ক পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাটুল মিনি কক্সবাজার এলাকা থেকে খাজুরিয়া পর্যন্ত এই সড়কটি ছয় মাস পানির নিচে ছিল। পানি নেমে যাওয়ার পর সড়কটি ভেসে উঠলেও কচুরিপানা ও জলজ আগাছায় ঢেকে অচল হয়ে যায়।
দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে শুক্রবার সকাল থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে সড়ক পরিষ্কার ও উদ্ধার কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী। তিনি বলেন, মানুষের চলাচলের পথ খুলে দেওয়া নৈতিক দায়িত্ব এবং সড়ক সচল হলে স্থানীয়দের জীবনযাপনে স্বস্তি ফিরবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।
স্থানীয়রা জানান, কচুরিপানা ও আগাছায় সড়ক ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় তাদের ভোগান্তি কমবে বলে তারা আশা করছেন।





