আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।
রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহারটি প্রকাশ করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইশতেহারে দুর্নীতি দমন, সুশাসন, মানবাধিকার, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ইশতেহার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।





