বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘উগ্রবাদী দল’ হিসেবে উল্লেখ করে তাদের সাম্প্রতিক উত্থানের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে। তাঁর দাবি, যখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয় এবং মতপ্রকাশের সুযোগ সংকুচিত করা হয়, তখন উগ্র শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। দেশের বর্তমান পরিস্থিতি সেই বাস্তবতারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতের যে উত্থান দেখা যাচ্ছে, তা আওয়ামী লীগের দমন-পীড়নমূলক নীতির ফল। বিরোধী দলগুলোকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না দেওয়া এবং স্বাভাবিকভাবে সংগঠিত হতে বাধা দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয় পেয়েছে। তাঁর মতে, জনগণ সুষ্ঠু ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব ধরনের নেতিবাচক প্রবণতার মোকাবিলা করবে।





