রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।


মিডিয়া সেলের তথ্যমতে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৫টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।


জানা গেছে, শনিবারের এই ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। পরে একই দিন তিনি ইফতার মাহফিলে অংশ নেওয়ার সম্মতি দেন।


এছাড়া জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।