বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।

\r\n

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিটি পাঠ করে শোনান।

\r\n

রোবাইয়াত ফাতিমা তনি বলেন, দলের আমির ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে এমন মন্তব্য করেছেন যে, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান হতে পারবেন না। তার দাবি, এটি দলটির ঘোষিত নীতির অংশ।

\r\n

তিনি বলেন, এ ধরনের অবস্থান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে আইনের দৃষ্টিতে সমতা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গসমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তাদের নিবন্ধন বাতিলযোগ্য হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

\r\n

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নারীর সাংবিধানিক অধিকার ও মর্যাদা কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় হতে পারে না। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ, অবমাননাকর বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার দাবি জানান।

\r\n

একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।