রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে অংশগ্রহণ এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতানৈক্যের কারণে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)কে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) ১২ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাগপার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জোটের সিদ্ধান্ত ও নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এতে বলা হয়, “১২ দলীয় জোটের কর্মকাণ্ডে বারবার অসহযোগিতা, গৃহীত সিদ্ধান্তের ব্যত্যয় এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে জোট সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)কে অব্যাহতি দেওয়া হলো। তাদের ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায়ভার ১২ দলীয় জোট বহন করবে না।”

জোট নেতারা আরও অভিযোগ করেন, জাগপা বিভিন্ন সময়ে জোটের প্রোগ্রামে অংশ না নেওয়া এবং সিদ্ধান্ত উপেক্ষার মাধ্যমে শৃঙ্খলা লঙ্ঘন করেছে।

সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ জুলাই) জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মহাসমাবেশে অংশ নেন। এ সময় তিনি ১২ দলীয় জোটের কোনো নেতাকে না জানিয়ে সেখানে যোগ দেন এবং বিএনপিকে ইঙ্গিত করে সমালোচনামূলক বক্তব্য রাখেন। একই সঙ্গে তিনি অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন—যা ১২ দলীয় জোটের ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই জোট থেকে জাগপাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানানো হয়েছে।