বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ উপলক্ষে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজধানীতে ১৫টি স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে 'ন্যাশনাল ডক্টরস ফোরাম'। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় এসব মেডিকেল ক্যাম্প চালু করা হয়।
জানা গেছে, শাহবাগ, টিএসসি, কাকরাইল, মৎস্য ভবনসহ গুরুত্বপূর্ণ ১৫টি পয়েন্টে স্থাপন করা মেডিকেল ক্যাম্পগুলোতে প্রাথমিক চিকিৎসা, ব্লাড প্রেসার ও সুগার চেকআপ, সাধারণ ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। সেবাদানে অংশ নিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
রাজধানীর মৎস্য ভবন মোড়ে দায়িত্ব পালন করা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের রেসিডেন্ট চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, “বড় সমাবেশে অংশ নেওয়া মানুষেরা যাতে গরম, পানিশূন্যতা, রোদের ধকল বা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় না পড়েন, সে জন্যই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পগুলোর সেবা শুধু জামায়াতপন্থিদের জন্য নয়— আশপাশের সাধারণ মানুষও চাইলে এখানে সেবা নিতে পারছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত জামায়াতের এই জাতীয় মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো নেতাকর্মীর উপস্থিতি ঘিরে রাজধানীজুড়ে রয়েছে উৎসবমুখর পরিবেশ।





