রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সমাবেশ ঘিরে রাজধানীতে দেখা গেছে নেতাকর্মীদের ঢল। সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে, ফলে অনেকেই ফুটপাত দিয়ে হেঁটে সমাবেশস্থলে যাচ্ছেন।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা পল্টন ও শাহবাগমুখী রাস্তায় হেঁটে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি, ফার্মগেট, যাত্রাবাড়ীসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক কার্যত বন্ধ হয়ে যায় সমাবেশমুখী মানুষের ভিড়ে।
সমাবেশস্থলে পৌঁছাতে মেট্রোরেল, লঞ্চ ও ট্রেনেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই মেট্রোরেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে সমাবেশে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকের মাথায় জামায়াতের পতাকা বা পট্টি দেখা যায়।
সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা ৪০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়, এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এই পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর। মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে দলটি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, বিচার ও রাজনৈতিক সংস্কারসহ নানা দাবি উপস্থাপন করবে। জানা গেছে, দেশের সব কার্যকর রাজনৈতিক দলকেই এই সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে রয়েছে ওজু-টয়লেটের ব্যবস্থা, নামাজের স্থান, মেডিকেল বুথ এবং নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা।
সামগ্রিকভাবে, জামায়াতের এ সমাবেশে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম ও আলোচনার পরিবেশ।





