আগামী নির্বাচনে ক্ষমতায় এলে বিএনপি কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থ ও সার্বভৌমত্বকে সম্মান করে এমন সব দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বিএনপি।


রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। নির্বাচনে বিএনপির জয় নিয়ে আশাবাদ প্রকাশ করলেও তিনি ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেন। এ সময় তিনি বিরোধী দলের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন।


তারেক রহমান বলেন, জামায়াতে ইসলামী দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখতে পারে। ঐক্য সরকার প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল থাকবে কে?” তিনি জানান, জামায়াত কতটি আসন পাবে তা নিশ্চিত নন। তবে তারা বিরোধী দলে থাকলে ভালো ভূমিকা রাখবে বলে আশা করেন।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কতটি আসনে জয় পাবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও তারেক রহমান বলেন, সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে বিএনপি।


উল্লেখ্য, বিভিন্ন জনমত জরিপে বিএনপির জয় সম্ভাবনার ইঙ্গিত মিললেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত অবস্থানের কথাও উঠে এসেছে। এ জোটে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপিও যুক্ত রয়েছে।