সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটের জামায়াতে ইসলামীতে যোগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ খবরের পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে, সত্যিই কি রাজনীতিতে পা রাখছেন সাবেক এই ক্রিকেটার।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাইলট বিষয়টি স্পষ্টভাবে খণ্ডন করেছেন। তিনি বলেছেন, “আমি ক্রীড়া অনুরাগী। আমার বাবা ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি বহুদিন এবং অধিনায়কত্বও করেছি। বর্তমানে বিসিবি পরিচালক হিসেবে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করছি। আপাতত রাজনীতিতে যোগদানের কোনো ইচ্ছা আমার নেই। সব রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এখন কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসে না।”
জাতীয় দলের এই সাবেক অধিনায়ক আরও জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুল এবং তার জামায়াতে যোগদানের কোনো ভিত্তি নেই।





