অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে একের পর এক বৈঠকে অংশ নিচ্ছে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক অনিশ্চয়তা ও নানা গুঞ্জনের মধ্যেই শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় একাধিক দল তার সঙ্গে সাক্ষাৎ করছে।

\r\n

শনিবার রাত ৮টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ‘যমুনা’য় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে। জামায়াতের এই বৈঠকটি বিএনপির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হয়।

\r\n

এর আগে, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিএনপির একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেয়।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্ব দেন এই প্রতিনিধিদলে। সঙ্গে ছিলেন ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে দলটি বৈঠকে অংশ নিতে যমুনা ভবনের উদ্দেশে রওনা দেয়।

\r\n

জামায়াতের সঙ্গে আলোচনা শেষে রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সঙ্গে থাকছেন যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা

\r\n

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে একের পর এক এই বৈঠকগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নির্ধারণে এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

\r\n

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া শুরু হতে পারে এই বৈঠকগুলোর মাধ্যমে, তবে ফল কতটুকু হবে তা নির্ভর করছে আলোচনার বাস্তব ভিত্তির ওপর।