বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
\r\nরোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার বিষয়ে স্পেন অঙ্গীকারবদ্ধ এবং দেশটিতে স্প্যানিশ বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদী।
সাক্ষাতকালে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।





