কক্সবাজারের এক জামায়াত কর্মী শহীদ শরিফ ওসমান হাদির ত্যাগ স্মরণীয় করে রাখতে তার যমজ নবজাতকের নাম রেখেছেন ওসমান-হাদি।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার শহর, ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম, যিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (২১ ডিসেম্বর) রাত সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।
আমিনুল ইসলাম হাসান বলেন, রাজনৈতিক সহযোদ্ধা ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর রহমতে একসঙ্গে দুই ছেলে সন্তানের বাবা হয়েছেন। শিশুদের দেখার দায়িত্ব পড়ে তার ওপর, আর মা-বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে।
যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে হাসান ওসমান, অন্যজনের নাম হোসাইন হাদি।
আমিনুল ইসলাম হাসান উল্লেখ করেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবে শহীদ এক বীরের নামে এই দুই শিশু সমাজে পরিচিত হবে—এটি গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
নবজাতকদের বাবা জহুর আলম বলেন, “শহীদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাকে কখনো ভুলব না। তার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমাদের জীবনের বড় গর্ব।”





