জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণকে দাবি আদায়ে রাস্তায় নামার ঝুঁকি নিতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যদিও পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব হয়নি, তবে উন্নয়নের এক্সপ্রেস ট্রেন আমরা চালু করব।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যুবকরা যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাবেন, কিন্তু সেই পরিবেশ দেশের দীর্ঘ অর্ধশতাব্দীর ইতিহাসে তৈরি হয়নি। তিনি বলেন, “বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশ আজ ঘুণে ধরা অবস্থায় রয়েছে। জামায়াত চাই জনগণের সহযোগিতায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে।”
জামায়াত আমির শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থার প্রতি লক্ষ্য আকর্ষণ করে বলেন, “যে শিক্ষা মানুষকে পিছিয়ে রাখে, তা আর দেওয়া হবে না। যারা দেশের শিক্ষা পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করছে। এ কারণেই আমাদের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত।”
তিনি আরও উল্লেখ করেন, “আয়না ঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে শুরু করেছে আওয়ামী লীগ সরকার।”





