খুলনা-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, দলটি ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না এবং তাদেরকে দেশে সন্মান ও আদরে রাখা হবে। তিনি আরও বলেন, জামায়াত কখনো ভোট কেনার জন্য অর্থ বিতরণ করে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় কৃষ্ণনন্দী এসব কথা বলেন।
তিনি বলেন, “একটি দল চাঁদাবাজির মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট বণ্টন করা ঠিক নয়।”
ভোটারদের উদ্দেশ্যে কৃষ্ণনন্দী আরও বলেন, “জামায়াত কখনো বিকাশ বা অন্য কোনো মাধ্যমে ভোটের জন্য অর্থ বিতরণ করে না।”
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডা. শফিকুর রহমান। সভার আয়োজন করেন খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী।





