জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষে ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোটকে বড় ধরনের জনসমর্থন হিসেবে উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান। এ নিয়ে হতাশা বা বিভ্রান্ত না হতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

\r\n

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় কেউ যেন বিভ্রান্ত না হন। তার দাবি, সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মধ্যেও জামায়াত ও ১১ দলীয় জোটের ভোটের পরিসংখ্যান শক্তিশালী বার্তা বহন করে।

\r\n

তিনি উল্লেখ করেন, প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ, যা প্রায় ২ কোটি ৮৮ লাখ নাগরিকের সমর্থন নির্দেশ করে। এটিকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায় হিসেবে আখ্যায়িত করেন।

\r\n

ডা. শফিকুর রহমান বলেন, অতীতের তুলনায় দলটি এবার বড় পরিসরে জনসমর্থন পেয়েছে এবং দেশের অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র দুটি আসন থেকে বর্তমান অবস্থানে পৌঁছানোকে তিনি জনআস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখেন।

\r\n

তিনি আরও বলেন, এখন সময় শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের। সরকারকে জবাবদিহির আওতায় আনতে গঠনমূলক ভূমিকা রাখার পাশাপাশি পরবর্তী নির্বাচনের জন্য সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

\r\n

পোস্টের শেষাংশে তিনি বলেন, ত্যাগ ও পরিশ্রমের ধারাবাহিকতায় সামনে সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।