কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এলাকায় জামায়াত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি ‘বিষ’ খেয়ে আত্মহত্যা করবেন। শুক্রবার রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

\r\n

সমাবেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলতে বলা হলে সবাই হাত তোলে, কিন্তু জামায়াতের পক্ষে কেউ হাত তোলে না। তারপরও তারা সরকার গঠনের স্বপ্ন দেখে। তিনি অভিযোগ করেন, জামায়াত অতীতে বিএনপির সহায়তা পেলেও এখন উল্টো বিএনপিকেই অপবাদ দিচ্ছে।

\r\n

ফজলুর রহমান বলেন, জামায়াত আজ টিকে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দয়ার কারণে। ২০০১ সালে তারা বিএনপির কাছে সহায়তা চেয়েছিল। এখন তারা বিএনপিকেই ‘চাঁদাবাজ, ধান্দাবাজ’ বলে আক্রমণ করছে। তিনি জামায়াতকে মুনাফেক, বেঈমান ও অকৃতজ্ঞ বলে মন্তব্য করেন।

\r\n

নিজেকে আদর্শিক লড়াইয়ের প্রার্থী দাবি করে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বিএনপি নেতৃত্বকে সমর্থনকারী ভোটারদের কাছেই সমর্থন চান। ধর্ম নয়, সকল ভোটারই তার কাছে সমান—হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকেই তিনি ভোটের আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা।

\r\n

সমাবেশে তার স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।