বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।


এর আগে শনিবার (৩ জানুয়ারি) গোয়েন্দা পুলিশ (ডিবি) মাহদী হাসানকে গ্রেপ্তার করে। গত শুক্রবার (২ জানুয়ারি) থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।


আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় মাহদী হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।


ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে। সে সময় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এনামুল হাসানকে আটকের প্রতিবাদে তার মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন।


সে সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে মাহদী হাসান দাবি করেন, নয়নকে একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।