পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে এ ঘটনা ঘটেছে।


আটককৃতরা হলেন তাওহীদ ইসলাম (১৪) এবং সোহাগ সিকদার (৪৬)।


কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ জানিয়েছেন, দুজনকেই জাল ভোট দেওয়ার চেষ্টা করার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, তাওহীদের বয়স কম হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হতে পারে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


অন্যদিকে, কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বেলায়েত হোসেন (৪৬) নামে একজনকে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছে, জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।