সাতক্ষীরা সরকারি কলেজের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একমাত্র আবাসিক হল ‘জিয়া হল’ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৩ জুলাই) দুপুরে কলেজ অধ্যক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

\r\n

স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট চরম আকার ধারণ করেছে। অথচ জিয়া হলটি বছরের পর বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত হলটি সংস্কার করে চালু করলে আবাসন সংকট অনেকটাই কমে আসবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

\r\n

স্মারকলিপি প্রদান করেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন ও কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শহর শিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক হা. আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, কলেজ সেক্রেটারি মো. মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম ও সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ।

\r\n

এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম জানান, “২০০৫ সালের ৫ আগস্টের পর জিয়া হলে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে হলটি ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। সেই ঘটনার পর থেকে হলটি বন্ধ রয়েছে। তবে আমরা খুব দ্রুত এটি পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছি। সামান্য সংস্কারেই এটি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।”

\r\n

উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি কলেজের একমাত্র আবাসিক হল ‘জিয়া হল’ গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় এটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার ফলে আবাসন সংকটও তীব্র হয়ে উঠেছে, আর তাই বিভিন্ন পক্ষ থেকে হলটি চালুর দাবি জোরালোভাবে উঠছে।