চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তির অর্থমূল্য

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৪৫০ টাকা এবং বছরে এককালীন ৫৬০ টাকা করে পাবে। এ খাতে আগামী দুই বছরে মোট ১৭ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা দেওয়া হবে।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ৩৫০ টাকা করে পাবে। এই খাতে দুই বছরে মোট ২৪ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হবে।

বৃত্তির অর্থ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে প্রদান করা হবে। শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জি-টু-পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে টাকা পাঠানো হবে।

যেভাবে ফল দেখা যাবে

অনলাইন পদ্ধতি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) এ গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল জানা যাবে।

এসএমএস পদ্ধতি:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষাগুলো গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।