সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তার আকস্মিক মৃত্যুতে পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পর থেকেই ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও ধোঁয়াশা তৈরি হয়।

এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়। তদন্তের অগ্রগতিতে এবার জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনকেই আদালতে হাজির করার পর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

আয়োজক-ম্যানেজার গ্রেপ্তার

পুলিশ জানায়, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুর থেকে পালিয়ে ভারতে ফেরার পর দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে আটক করা হয়।

এর আগে, ঘটনাটিতে জড়িত থাকার সন্দেহে ড্রামার শেখর জ্যোতিকেও গ্রেপ্তার করা হয়েছিল। সিঙ্গাপুরে ইয়ট ভ্রমণের সময় তিনি জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

শেষ মুহূর্তের ঘটনা

গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিন গার্গের। অনুষ্ঠানের আগে স্কুবা ডাইভিং করতে গিয়ে পানির নিচে শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি। দ্রুত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।