জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত আলোচনা সভা, দোয়া মাহফিল, সেমিনার, তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে এই কর্মসূচিতে।


শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই দেশব্যাপী শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের স্মরণে শাখায় শাখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২–৪ জুলাই গরিব, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। ৮–১৫ জুলাই শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করবেন জামায়াতের নেতা-কর্মীরা। ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে শহীদ পরিবারের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জামায়াতের আমির। ২০–২৪ জুলাই ঢাকায় সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। ২৫–২৮ জুলাই তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন স্থানে। ২৯ ও ৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হবে।


জামায়াত আরও জানায়, ১ আগস্ট জাতীয় সেমিনার ও শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন করা হবে। ১–৩ আগস্ট ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল ও বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবে দলটি। ৬–৮ আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মাসজুড়ে আমরা সেই ইতিহাসকে স্মরণ করে জাতিকে সচেতন করতে চাই।”