চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে এক সাবেক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোস্তফা কামাল টিপু। তিনি ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি বন্দুক, বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম এবং বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির মধ্যে কিছু পুলিশ ব্যবহারের গুলিও রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালিয়ে মোস্তফা কামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলনকালীন নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই আন্দোলনকারী—সাইফুল ইসলাম ও মো. হাসান। ওই সময় প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিলেন মোস্তফা কামাল।





