জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য দেওয়া ৫০ হাজার টাকার চেক বাউন্স হওয়ার অভিযোগকে ঘিরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
শরিফ রুবেল নামে এক ব্যক্তি ফেসবুকে দেওয়া পোস্টে দাবি করেন, গত ৮ জানুয়ারি ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও বিভিন্নভাবে ভূমিকা রাখা মোট ১২০০ জনকে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে আসলাম চৌধুরী উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন
।
তবে পোস্টে অভিযোগ করা হয়, পরে উপকারভোগীরা ব্যাংকে গিয়ে চেক জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলো বাউন্স হয়। দাবি অনুযায়ী, ১৬ জানুয়ারি অর্থ জমা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১৮ জানুয়ারি হিসাবে মাত্র ২০ হাজার টাকা পাওয়া যায়। এরপর ৩ ফেব্রুয়ারি আবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেদিনও চেক বাউন্স হয়। সর্বশেষ নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টায় ব্যাংকে গিয়ে হিসাবে মাত্র ১৬ হাজার টাকা পাওয়া গেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ৮৪৪ জন জুলাই শহীদ, ১০২ জন সাংবাদিক এবং গুরুতর আহত ও অগ্রণী ভূমিকা রাখা আরও ২৫৪ জনসহ মোট ১২০০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছিল।
এ বিষয়ে আসলাম চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ব্যাংক বা আয়োজক পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগ গণমাধ্যমে উঠে এলেও নির্বাচন কমিশন তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে।





