জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির উচিত ছিল জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দেখার পর সনদে স্বাক্ষর করা। কিন্তু তারা তা না করে স্বাক্ষর করায় ভুল করেছে, এবং এই ভুলের দায় তাদেরকেই বহন করতে হবে। “বিএনপির ভুল আমাদের ওপর চাপানো যাবে না,” তিনি যোগ করেন।
বুধবার (২৯ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রকাশ হওয়ার আগে এনসিপি সনদে স্বাক্ষর করবে না। তারা কেন্দ্রীয় শহিদ মিনারে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের দাবি জানাচ্ছে।
গণভোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতের বিভাজনে এনসিপি জড়াবে না। গণভোট নির্বাচনের আগে বা পরে যেকোনো সময় হতে পারে, তবে তা সুষ্ঠু হতে হবে। নির্বাচনের দিন হলে আশঙ্কা রয়েছে যে ভোট কার্যক্রমে বাধা আসতে পারে। তিনি উল্লেখ করেন, ভোটের আগে গণভোট হলে ফ্যাসিবিরোধী শক্তি এবং বিএনপি তা ব্যাহত করার চেষ্টা করবে। ফলে গণভোটের সময় নির্ধারণ মূলত নির্বাচন কমিশনের ওপর নির্ভর করবে।
তিনি আরও বলেন, বিএনপি দিনের বেলা আওয়ামী লীগের বিপক্ষে থাকলেও রাতে তাদের সঙ্গে আপস করতো এবং ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে অবস্থান বদল করতো। যদি বিএনপি জুলাই সনদকে ভণ্ডুল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তা এনসিপি হতে দেবে না। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে রাতের বেলায় জাতীয় পার্টি ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা উচিত নয়।





