চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর থেকে লাইটার জাহাজের মাধ্যমে অপরিশোধিত জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারিতে আনা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার সকাল থেকে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটি পুরোপুরি উৎপাদনে ফিরবে।

বুধবার সকাল ১২টায় কুতুবদিয়া চ্যানেলে ১ লাখ টন ক্রুড অয়েলবাহী মাদার ট্যাংকার ‘এমটি নিনেমিয়া’ নোঙর করে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাত থেকেই লাইটারিং কার্যক্রম শুরু হয়।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, মাদার ট্যাংকার থেকে ছোট লাইটার জাহাজে করে তেল খালাসের কাজ চলছে এবং তা জেটিতে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। বৃহস্পতিবারও পুরো দমে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিপিসি সূত্র জানায়, গত দুই মাস কাঁচামাল সংকটে আংশিকভাবে একটি ইউনিট চালু রেখে সীমিত উৎপাদন চালানো হচ্ছিল। নতুন করে ক্রুড অয়েল আসায় এখন তিনটি ইউনিটই আবার পূর্ণ সক্ষমতায় চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি করে তা পরিশোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল, কেরোসিন, এলপিজি ও বিটুমিনসহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করে থাকে।

গত দুই মাস ধরে আন্তর্জাতিক পরিস্থিতি ও সরবরাহ জটিলতার কারণে কাঁচামাল সংকটে পড়ে প্রতিষ্ঠানটি আংশিকভাবে উৎপাদন চালু রেখেছিল। তবে নতুন চালান আসায় আবারও স্বাভাবিক উৎপাদনে ফেরার আশা তৈরি হয়েছে।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকাল থেকেই ইস্টার্ন রিফাইনারির তিনটি ইউনিট পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।