বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে সতর্ক করে চিঠি দিয়েছে দল। এ পদক্ষেপ নেওয়া হয়েছে তাঁর এমন মন্তব্যের পর, যেখানে তিনি বলেন, দলের সভাপতি তারেক রহমান ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন।


বুধবার (১১ মার্চ) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করা হয়েছে।


জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। সেখানে তিনি বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ২০৩২ নয়, ২০৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন। তিনি আরও যোগ করেন, ২০৩১, ২০৩৭ ও ২০৪২ সালেও প্রধানমন্ত্রীর দায়িত্ব তারেক রহমানেরই হবে।


তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। এর পরই কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে সতর্ক করা হয়েছে।


জয়নুল আবদিন ফারুক এ বিষয়ে বলেন, “গত সোমবারের একটি প্রোগ্রামে আমার বক্তব্যের খণ্ডিত অংশ কিছু গণমাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা হয়েছে। এর ফলে আমি মর্মাহত।”