জুলাই-আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বুধবার এ মামলার অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি জারি না হওয়ায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য আড়াল করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন-পীড়নে উসকানি দেওয়া, ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন জয় ও পলক।
এর আগে গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তা আমলে নিয়ে সেদিনই সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট সেবা বন্ধের মাধ্যমে সহিংসতার তথ্য গোপনের পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং এসব সিদ্ধান্ত বাস্তবায়নে তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভূমিকা রাখেন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।





