ঝিনাইদহের শৈলকুপায় ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির ভার্চ্যুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।


অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান।


অনুষ্ঠানে মোট ১ হাজার ৬৭৯ জন কৃষক কার্ডধারী উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।


জানা গেছে, শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে এই ‘কৃষক কার্ড’ সুবিধা পাচ্ছেন।


এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের আর্থিক সহায়তা, কৃষি উপকরণে সুবিধা এবং সরকারি সেবা সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।