ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. রাশেদ খানের পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা ও মোহাম্মদ আলী। এছাড়া কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ ও ইমরানকেও বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন পিয়াল বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কারের একটি প্রেস বিজ্ঞপ্তি দেখেছেন, তবে এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি।





