আজ বুধবার দেশের বাজারে সোনার দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত সোমবার দাম কমানোর পর মঙ্গলবার ও বুধবার দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।


গতকাল ভরিপ্রতি ভালো মানের সোনার দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। অর্থাৎ আজ দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। টানা দুই দিনে সোনার দাম বেড়েছে মোট ৫ হাজার ৪৫২ টাকা। রুপার দামও একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে।


চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার সোনার দাম সমন্বয় করা হলো। গত সপ্তাহে দাম চারদিনের মধ্যে ভরিপ্রতি ১২ হাজার ১৩ টাকা বেড়েছিল। এরপর একদিন ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছিল। ফলে গত সপ্তাহে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ২ হাজার ৭৯৯ টাকা।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। দাম বাড়ার মূল কারণ বিশ্ববাজারে সোনা ও রুপার মূল্য বৃদ্ধি।


আজ ভালো মানের রুপার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি ৬ হাজার ৭০৭ টাকা। গতকাল এটি ছিল ৬ হাজার ৫৩২ টাকা। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা; ১৮ ক্যারেট ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত হবে।

গত জানুয়ারির শেষ দিক থেকে দেশের বাজারে সোনার দামে অস্থিরতা দেখা দিয়েছে। কখনও সকালেই দাম বাড়ানো, রাতে কমানো হচ্ছে। ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশে সোনার দাম বাড়ানো-কমানো হয়। ইসরায়েল-ইরান যুদ্ধের আগে সোনার দাম ধারাবাহিকভাবে বাড়ছিল; যুদ্ধ শুরু হলেও উত্থান-পতন অব্যাহত আছে। গতকাল আউন্সপ্রতি সোনার দাম ১০০ ডলারের বেশি বেড়ে ৫,২৩৪ ডলারে পৌঁছেছিল। আজ বুধবার যুক্তরাষ্ট্রে ২৮ ডলার কমলেও, বাংলাদেশে দাম টানা দুই দিনে বেড়েছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে প্রায় ২২৫ ডলার; ছয় মাসে বৃদ্ধি হয়েছে প্রায় ১,৫৯০ ডলার।