রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদক মামলা দায়ের করা হয়। এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ অভিযোগপত্র গ্রহণ করেন। তবে আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে গ্রেপ্তারের সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে, জানায় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি – পুরোনো, বর্তমানে ১১৩, ১১বি – নতুন, রোড নং ৭১) দখল ও পরে রেজিস্ট্রি করেছেন।
গত বছরের ১৫ এপ্রিল দুদক রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে, গত বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন, যাতে তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত থাকে। চেম্বার আদালতে গেলে দুদক ‘নো অর্ডার’ আদেশ পান।
শেষে ১১ ডিসেম্বর দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির তিনটি পৃথক মামলায় আসামিদের দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।





