ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় টিএসসি এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়।
আটক শিক্ষার্থী এম. সাকিব বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিজয় একাত্তর হলে থাকতেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহান হিমেল জানান, টিএসসিতে অবস্থানকালে তারা সাকিবকে শনাক্ত করেন। তাদের দাবি, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও উসকানিমূলক পোস্টের মাধ্যমেও তিনি হুমকি দিতেন বলে অভিযোগ করেন তারা।
তিনি আরও বলেন, সাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে উসকানিমূলক বিষয়বস্তুর প্রমাণ পাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রক্টোরিয়াল বডির সহায়তায় তাকে থানায় নেওয়া হয়।
তবে আটকের সময় সাকিব দাবি করেন, ভর্তি-সংক্রান্ত কাজ সম্পন্ন করতে তিনি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এর আগে ১৫ জুলাইয়ের ঘটনার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ওই শিক্ষার্থীকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। মামলায় সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, সাকিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তার নাম রয়েছে।





