লিটন দাসের ব্যাটিং নিয়ে ক্রিকেট বিশ্বে অনেকদিন ধরেই মুগ্ধতা—তার স্ট্রোকগুলো যেন শিল্পীর তুলি চালানোর মতো নিখুঁত ও মুগ্ধকর। কখনো তা মোনালিসার মতো রহস্যময়, আবার কখনো যেন সরাসরি ক্যানভাসে আঁকা সাহসী রেখা। সাম্প্রতিক সময়ে যদিও সেই তুলিতে কিছুটা ধুলোর ছাপ পড়েছিল, তবে তা মুছে ফেলে আবারও চেনা ছন্দে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার।

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ঝকঝকে ইনিংসের পর এখন লিটনের সামনে আরও বড় এক অর্জনের হাতছানি। আজ, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর), আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়াবেন তিনি। মাত্র ২৮ রান করলেই পেছনে ফেলবেন সাকিব আল হাসানকে, যিনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।

সাকিবের সংগ্রহ ২,৫৫১ রান, যা এসেছে ১২৯ ম্যাচে। আর লিটনের নামের পাশে এখন ২,৫২৪ রান, ১১২ ম্যাচে। আজ যদি তিনি ২৮ রান করতে পারেন, তাহলে শুধু রানের দিক থেকেই নয়, কম ম্যাচ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নাম লেখাবেন রেকর্ডবইয়ে।

এর আগে হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে লিটন মাহমুদউল্লাহকে পেছনে ফেলে উঠেছেন দুই নম্বরে। যেখানে মাহমুদউল্লাহর ২,৪৪৪ রান করতে লেগেছিল ১৪১টি ম্যাচ, সেখানে লিটন তা করে ফেলেছেন ১১২ ম্যাচেই।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সেরা পাঁচ ব্যাটারের তালিকা এখন এমন: সাকিব আল হাসান – ২,৫৫১ রান (১২৯ ম্যাচ), লিটন দাস – ২,৫২৪ রান (১১২ ম্যাচ), মাহমুদউল্লাহ – ২,৪৪৪ রান (১৪১ ম্যাচ), তামিম ইকবাল – ১,৭০১ রান, মুশফিকুর রহিম – ১,৫০০ রান (*লিটনের রান আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত)।

চলতি এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন লিটন। আজকের ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ টি-টোয়েন্টি ইতিহাসের নতুন অধ্যায় রচনা করবেন তিনিই।