ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও যুদ্ধবিরোধী অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও তিনি যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
আলজেরিয়াগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চান না। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, খ্রিস্টধর্মের বার্তা কিছু ক্ষেত্রে ভুলভাবে ব্যবহার বা অপব্যবহার করা হচ্ছে।
তিনি ট্রাম্পের সমালোচনার প্রসঙ্গ টেনে আবারও বলেন, গসপেলের বার্তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এ ধরনের ব্যাখ্যা বিভ্রান্তি সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি।
পোপ লিও জোর দিয়ে বলেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রাখবেন এবং শান্তি, সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ন্যায্য সমাধানের পক্ষে অবস্থান নেবেন। তার ভাষায়, “অনেক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। কাউকে না কাউকে দাঁড়িয়ে বলতে হবে, এর চেয়ে ভালো পথ আছে।”
উল্লেখ্য, পোপ লিও প্রথম মার্কিন পোপ হিসেবে চারটি আফ্রিকান দেশে ১০ দিনের সফর শুরু করেছেন।
\r\nসূত্র: বিবিসি, আল জাজিরা।





