শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সিলেট শুধু প্রবাসী আয় বা অর্থনৈতিক দিকেই নয়, শিক্ষার মানেও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, পাবলিক পরীক্ষার ফলাফলে সিলেটের ওঠানামা অনেকটা লন্ডনের আবহাওয়ার মতো অনিশ্চিত। বুধবার সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিলেট শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিব এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, সরকার শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে। শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও তিনি কথা বলেন। এসব প্রতিষ্ঠানকে একটি নিয়মিত নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার উদ্যোগ চলছে বলে জানান তিনি। একই সঙ্গে সব ধারার শিক্ষা ব্যবস্থাকে একটি মানসম্মত কাঠামোর মধ্যে আনার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ মিডিয়াম বা মাদ্রাসা যেখানেই পড়ুক, সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য একটি কার্যকর রেগুলেটরি ব্যবস্থা গঠনের বিষয়েও আলোচনা হচ্ছে। সভায় তিনি সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত স্থানান্তরের আশ্বাস দেন। প্রয়োজনে জমি দিলে সংশ্লিষ্টদের নামে নতুন স্কুল নির্মাণের কথাও বলেন। কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, এগুলোকে আইনের আওতায় আনা হবে এবং শিক্ষকদের পাঠদানের মান উন্নয়ন না হলে শিক্ষার্থীরা কোচিংয়ের দিকে ঝুঁকবে। এছাড়া তিনি মন্তব্য করেন, একসময় জেলা পর্যায়ের স্কুলগুলো ভালো ফল করত, কারণ তখন প্রশাসনিক কর্মকর্তাদের সন্তানরা সেখানেই পড়ত। সেই মান ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। \r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন সংসদ সদস্য, জেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ লোড হচ্ছে...





