ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বিজয় শিক্ষার্থীদেরই হবে। আমি ইসলামী ছাত্রশিবিরের সব দায়িত্বশীল, জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইবোনদের অনুরোধ করছি—ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন। শান্ত থাকুন, কারও ফাঁদে পা দেবেন না। ইনশাআল্লাহ দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত।”
এদিকে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ।
সংবাদ সম্মেলনে ফরহাদ অভিযোগ করেন, ভোট চলাকালে তাদের প্রার্থীদের বুথে প্রবেশে বাধা দেওয়া হলেও ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রতিটি বুথে ঘুরে বেড়িয়েছেন।
তিনি আরও বলেন, “আমাদের জানানো হয়েছিল ভোট ছাড়া প্রার্থীরা বুথে ঢুকতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি আবিদ ভাই ঘুরছেন। আমরা গেলে আটকানো হতো। পরে দুপুর দেড়টার দিকে চিফ রিটার্নিং অফিসার আমাদের ফোন দিয়ে বলেন, ‘বাবা, এতক্ষণ যা হইছে হইছে, এখন তোমরা ঢুকতে পারবা।’”





