ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) প্যানেল থেকে সরে এসে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট) দুপুরে মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেছেন হাসিবুল। তবে তিনি কেন বাগছাসের প্যানেল ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

জানা গেছে, শুরুতে বাগছাস প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়ন পান হাসিবুল। কিন্তু শেষ মুহূর্তে প্যানেল ত্যাগ করে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে বাগছাসের অভ্যন্তরীণ অসন্তোষ এবং প্যানেল গঠনে মতবিরোধকেই কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

হাসিবুল ইসলাম ইতোমধ্যেই দুইটি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন—একটি এজিএস এবং অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। তবে শেষ পর্যন্ত কোন পদে প্রার্থী হিসেবে থাকবেন, তা চূড়ান্ত হবে মনোনয়নপত্র প্রত্যাহারের পর।