ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিব এই নোটিশ প্রেরণ করেন। অভিযোগ, সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে চাঁদাবাজির মানহানিকর বক্তব্য ও অপপ্রচার চালিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ ও শিক্ষার্থী শিশির তানিমও উপস্থিত ছিলেন।
নুরুল গনি সগীর বলেন, ‘গত ২৪ জানুয়ারি ক্যাম্পাসে অবৈধ দোকান সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। আমি ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার মধ্যে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানাই। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট চিত্র উপস্থাপন করা হয়নি। ফলে বিষয়টি আইনিভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছি।’
নোটিশে উল্লেখ করা হয়েছে, সর্বমিত্র চাকমার পোস্ট ও বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগীরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। অভিযোগগুলোর কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন শিক্ষার্থী নেতাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নোটিশে সতর্ক করা হয়েছে, যদি সর্বমিত্র চাকমা ১০ ঘণ্টার মধ্যে মানহানিকর অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে নুরুল গনি সগীর আইনগত ব্যবস্থা নেবেন।





